বিদেশে কার্ডে নগদ লেনদেন বন্ধ ব্র্যাক ব্যাংকের

২৭ ডিসেম্বর, ২০২৩ ০৫:০৮  

ডিজিটাল ও ইলেকট্রনিক পেমেন্টের সক্ষমতাকে উৎসাহিত করতে দেশের বাইরে কার্ড দিয়ে নগদ বৈ‌দে‌শিক মুদ্রা তোলা বন্ধ করে দিয়েছে বেসরকা‌রি খা‌তের ব্র্যাক ব্যাংক। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগের মাধ্যমে আর্থিক খাতের ডিজিটাল রূপান্তরের পূর্ণতা শেষে নগদ লেনদেন নিরুৎসাহিত শুরু করলো ব্যাংকটি।

ব্যাংক‌টির পক্ষ থে‌কে এ বিষয়ে একটি বিজ্ঞ‌প্তি দি‌য়ে গ্রাহক‌দের বলা হয়েছে, ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সব ধরনের ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞ‌প্তিতে আরও বলা হয়, ভ্রমণ কোটার ম‌ধ্যে পিওএস এবং ই-কমা‌র্সের মাধ্য‌মে যেকো‌নো বৈধ কেনাকাটা করা যাবে। আমাদের গ্রাহকরা বিদেশে মার্চেন্টদের কাছ থেকে পণ্য ও সেবা ক্রয়ের জন্য আমাদের কার্ড ব্যবহার করতে পারেন, কিন্তু সাধারণ ব্যবহারের জন্য নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। এটি একটি ক্রেডিট-নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটি কার্ডের ব্যবহার সম্পর্কে একটি স্পষ্ট অডিট-যোগ্য ট্রেইল নিশ্চিত করবে।

এদিকে যথাযথ ভ্রমণ নথি দেখিয়ে এবং ভ্রমণ কোটা অনুমোদন করিয়ে, যেকোনো গ্রাহক ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখা থেকে বাংলাদেশের মধ্যে নগদ বিদেশি মুদ্রা সংগ্রহ করতে পারবেন। গ্রাহকদের সেবা দেওয়ার জন্য ব্যাংকটির ভল্টে পর্যাপ্ত বিদেশি মুদ্রার নগদ মজুদও রয়েছে।

সূত্র জানায়, ব্র্যাক ব্যাংক সব সময় ডি‌জিটাল লেন‌দেন ও ইলেকট্র‌নিক পে‌মেন্ট‌কে উৎসাহিত কর‌ছে। এ ছাড়া নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকের নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে ইলেকট্র‌নিক লেন‌দেন ও কেনাকাটা করা যাবে। এর আগে ডি‌জিটাল লেন‌দেন উৎসাহিত কর‌তে ব্যাংক‌টি দে‌শের ভেত‌রে ক্রে‌ডিট কার্ড থে‌কে নগদ উত্তোলন বন্ধ ক‌রেছিল।